শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে বসতবাড়ি ও দোকানঘর বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিকভাবে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে এই নদীভাঙনের ঘটনা ঘটে। এতে একাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং বেশ কয়েকটি দোকান নদীগর্ভে চলে যায়।
ভাঙনের পরপরই স্থানীয় প্রশাসন ১২টি ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করে। একইসঙ্গে দোকানঘর হারানো ১৬ জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এছাড়া, রাতেই প্রায় ৩০টি পরিবারকে শুকনো খাবার সরবরাহ করে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনিক পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে পর্যায়ক্রমে আরও সহায়তার ব্যবস্থা করা হবে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও বিবেচনায় আছে।”
সহায়তা পাওয়া অনেকেই তাৎক্ষণিক এ সহযোগিতায় কিছুটা স্বস্তি প্রকাশ করলেও, নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, পুনরাবৃত্ত এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে হলে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা এখন সময়ের দাবি।