ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা যদি প্রতীক না হয়, ধানের শীষও নয়: এনসিপি নেতার যুক্তিতে নতুন বিতর্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি বিতর্কিত মন্তব্য করে বলেছেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের উপাদানমাত্র।”

তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন,
“শাপলা যদি কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে গ্রহণযোগ্য না হয়, তাহলে ধানের শীষও হতে পারে না। জাতীয় প্রতীকের কোনো অংশ যদি দলীয় প্রতীক হিসেবে ব্যবহারের অনুমতি পায়, তাহলে শাপলার ক্ষেত্রেও সেই একই নীতি প্রযোজ্য হওয়া উচিত।”

তিনি আরও মন্তব্য করেন, “জাতীয় ফুল হিসেবে শাপলাকে দলীয় প্রতীক করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। উল্লেখ্য, জাতীয় ফল কাঁঠাল ইতোমধ্যে একটি বাণিজ্যিক মার্কা হিসেবে নিবন্ধিত হয়েছে। যদি প্রতীক ব্যবহারের প্রশ্নে কোনো আপত্তি থাকে, তবে তা স্পষ্টভাবে জানানো উচিত।”

এনসিপির এই নেতার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে প্রতীক-সংক্রান্ত রাজনৈতিক দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, শাপলা ও ধানের শীষ—এই দুটি প্রতীক ঘিরে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে।