ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসাইরহাটে সামান্য পেঁপে নিয়ে বাকবিতণ্ডা, একজনের মৃত্যু, অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত

প্রত্যক্ষদর্শী আকবর জানান, গত ৫ জুলাই, শনিবার, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কোদালপুর ইউনিয়নের মন্তা দেওয়ানপাড়া গ্রামে ইমান হোসেন সরদারের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ চারজনকে আহত করে একই গ্রামের পাশের বাড়ির রাজিব ও সুমন নামে দুই যুবক। সুমন মোস্তফা খানের ছেলে এবং রাজিব হানিফ খানের ছেলে।

বাড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশু রুহুল আমিন সরদার (৫ বছর)-কে পেঁপে পাড়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে রাজিব ঘাড়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এর ফলে রুহুল আমিনের দাদা ইমান হোসেন সরদার প্রতিবাদ করলে অভিযুক্ত রাজিব খান ও সুমন খান আল আমিন সরদারের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একই সময়ে আল আমিন সরদারের অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম এবং মা মাকসুদা আক্তার এগিয়ে এলে তাদেরও গুরুতর আঘাত করা হয়।

ঘটনার পর বাড়ির আশপাশের লোকজন আহতদের প্রথমে গোসাইরহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই, ২০২৫ তারিখে ইমান হোসেন সরদার মারা যান। আল আমিন সরদার ও তার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন স্বজনরা।

ইমান হোসেনের মৃত্যুর খবরে তার দুই মেয়ে, স্ত্রী মাকসুদা বেগম, ভাতিজা স্বপন সরদারসহ অনেকে কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তার বড় মেয়ে অজ্ঞান হয়ে যান। ঠান্ডার বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার থেকে তার মেয়ে ও স্ত্রী সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ইমান সরদারের বাড়িতে দুই দিন ধরে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অভিযোগের ভিত্তিতে তাদের কঠোর বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

পরে ৯ জুলাই সন্ধ্যায় ঢাকা মেডিকেল থেকে ইমান হোসেন সরদারের মরদেহ গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলমের উপস্থিতিতে তার নিজ বাড়িতে দাফন করা হয়।