ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত যুবদল নেতাদের দল থেকে আজীবন বহিষ্কার

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

১১ জুলাই (শুক্রবার) রাতে যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের প্রধান ফটকের সামনে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ডের মামলার আসামি হওয়ায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে সংগঠন থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চরম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করেন।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।