ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্ররা ঘরে ফেরেনি, জুলাই এখনও বাকি: মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি।”

যদিও তিনি সরাসরি কোনো ঘটনার উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে সোহাগ হত্যাকাণ্ডকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেছেন।

এর আগে সন্ধ্যায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারি ব্যবসা ও বৈদ্যুতিক কেবল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সোহাগ এই ব্যবসার বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। তার প্রতিদ্বন্দ্বী মহিন ও টিটু নিয়মিত চাঁদা দাবি করত এবং ব্যবসার অর্ধেক শেয়ার চাইছিল। বিরোধের জেরে তাকে মিটফোর্ড হাসপাতালে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় ইতিমধ্যেই যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।