ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজদের রুখতে মাঠে নামার ঘোষণা এনসিপি আহ্বায়ক নাহিদের, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার

রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে রক্ষা করা হবে। শুক্রবার রাতে খুলনার শিববাড়ী মোড়ে এক পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

নাহিদ বলেন, “দেশে এমন এক ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠেছে, যা মাফিয়া, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়। এই ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবর্তন আনতে হবে।” তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে ছাত্রনেতৃত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে এবং পুরোনো রাজনৈতিক স্বার্থ বজায় রাখতেই তা করা হচ্ছে।

চাঁদাবাজি প্রসঙ্গে নাহিদ বলেন, “ঢাকায় আমরা দেখেছি, কীভাবে চাঁদাবাজদের দৌরাত্ম্য বাড়ছে। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আজও নিরাপত্তাহীনতায় ভুগছে। এনসিপি প্রতিশ্রুতি দিচ্ছে—সব দেশপ্রেমিক ব্যবসায়ীদের চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করা হবে।”

তিনি আরও বলেন, “যারা এক সময় মাফিয়ায় পরিণত হয়েছিল, আজ তারা আবারও একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে সক্রিয় হচ্ছে। এটা রোধে জনগণকে আবারও মাঠে নামতে হবে।”

এনসিপি নেতার ভাষণে মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।