জুলাই গণহত্যা মামলায় নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১০ জুলাই এই আদেশ দেওয়া হয়, যার লিখিত অনুলিপি ১২ জুলাই প্রকাশ করা হয়েছে।
আদালত জানায়, মামুন তার ও সহযোগীদের অপরাধের বিস্তারিত তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরবেন এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতেও হাজির হবেন—এই শর্তে তাকে ক্ষমা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাকে সাধারণ বন্দিদের থেকে আলাদাভাবে রাখার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে।
সাবেক আইজিপির আইনজীবী জানান, মামুন যদি তার রাজসাক্ষীর দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তবেই এই ক্ষমার আদেশ চূড়ান্তভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে মামুন বলেন, জুলাই-আগস্টে গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার দায় তিনি স্বীকার করছেন এবং সত্য ঘটনা তুলে ধরতে আগ্রহী। আদালতকে তিনি রহস্য উন্মোচনে সহায়তা করতে চান।