রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) চাঁদাবাজির কারণে নয়, বরং দোকানের মালিকানা ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন।
১২ জুলাই শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভাঙারি দোকান ব্যবসার অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বই এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ। এ ঘটনায় র্যাব ও পুলিশের অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে মাহিন মূল আসামি।
ঘটনার মাত্র ১০ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সিসিটিভির সূত্র ধরেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, তারা শুরু থেকেই ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবকে আমলে নেওয়া হচ্ছে না। তদন্তে অন্য কোনো উদ্দেশ্য জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।