ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীর যুবদল নেতা ফাহিম বহিষ্কার: পরিবহন খাতে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত

ঢাকার যাত্রাবাড়ীতে পরিবহন খাতে চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতার অভিযোগে জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার হয়েছেন শরীয়তপুরের সন্তান ও যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম।

শনিবার (১২ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুশফিকুর রহমান ফাহিম দলীয় পরিচয় ব্যবহার করে পরিবহন খাতে অবৈধ চাঁদা আদায়, দখলদারি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক সম্পর্ক স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

চাঁদার দাবিতে ভাঙচুর: সরব শরীয়তপুরবাসী

শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ অনুযায়ী, ফাহিম নিয়মিতভাবে মালিকদের কাছ থেকে মাসিক চাঁদা এবং মোটা অঙ্কের টাকা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরগামী বাস চলাচলে বাধা, বাসে ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের একাধিক ঘটনা ঘটেছে।

গত এক সপ্তাহে অন্তত ১০টি বাস ভাঙচুর এবং ১২ জন শ্রমিক হামলার শিকার হয়েছেন বলে পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করেছেন। এসব ঘটনার প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ জনগণ একাধিক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

ফাহিমের প্রতিক্রিয়া: ‘রাজনৈতিক ষড়যন্ত্র’

অভিযোগ প্রসঙ্গে মুশফিকুর রহমান ফাহিম বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা অভিযোগ করছে। আমি এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছি।”

আইনি পদক্ষেপের দাবি

এদিকে শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন এবং সাধারণ জনগণ দ্রুত তদন্তপূর্বক ফাহিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।