ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর বাস মালিকদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা ফাহিমের বিরুদ্ধে মামলা

শরীয়তপুর থেকে ঢাকাগামী বাস মালিকদের কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি, বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থানায় শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম কোটাপাড়ার বাসিন্দা এবং বহিষ্কৃত যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের পরিবহন মালিক সদস্য ওয়ালি উল্লাহ খান বাদী হয়ে শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ফাহিমসহ ২৫ জনের নাম উল্লেখ করে ও আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

পরিবহন মালিক গ্রুপ সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালুর পর শরীয়তপুর থেকে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত রুটে নিয়মিত চলাচল করছে প্রায় ২০০টি বাস। প্রতিদিন প্রায় ৩০ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করেন। সম্প্রতি সাবেক যুবদল নেতা ফাহিম বাস মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন এবং অস্বীকৃতি জানালে একাধিক বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে বাদী ওয়ালি উল্লাহ খান বলেন, “চাঁদা না দেওয়ায় আমাদের পরিবহনের কাউন্টার লক্ষ্য করে হামলা হয়েছে। পরিবহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে ফাহিম ও তার অনুসারীরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযোগ অস্বীকার করে ফাহিম বলেন, “আমাদের গাড়ির রুট পারমিট থাকা সত্ত্বেও শরীয়তপুর বাস মালিক সমিতি আমাদের বাধা দিচ্ছে। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরেই এই রুটে অঘোষিত চাঁদাবাজি চলছে, কিন্তু সম্প্রতি সেটি ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমরা চাই পরিবহন খাতে শান্তি ও নিরাপত্তা ফিরে আসুক।”

যাত্রাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, “মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”