শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার এলাকা থেকে জাহিদুল ইসলাম (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ। তবে পরিবারের দাবি—ফ্রি ফায়ার খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহত জাহিদুল ইসলাম পন্ডিতসার এলাকার আবুল চৌকিদারের ছেলে। তিনি পন্ডিতসার বাজারের একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন জাহিদুল। সোমবার বাড়ির পাশের একটি বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের মা রেনু বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার বন্ধু—তামিম লাকুরিয়া, রিয়াদ চৌকিদার ও রিয়াজ। ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে ওকে তারা ডেকে নিয়ে যায় এবং পরে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায়।”
তবে অভিযুক্ত তামিম, রিয়াদ ও রিয়াজ দাবি করেছেন—তাদের সঙ্গে জাহিদুলের বহুদিন ধরেই কোনো যোগাযোগ ছিল না। তারা এ ঘটনায় কিছুই জানেন না এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”