সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শরীয়তপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকালে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির হোসেন ও সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে সদর উপজেলার সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক হয়ে সার্কিট হাউস চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় সদর উপজেলার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে আজকের সন্ত্রাস বিরোধী সমাবেশে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসলাম মাহমুদ, যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, যুগ্ম আহবায়ক অলড্রিন রহমান তন্ময়, যুগ্ম আহবায়ক জোনায়েদ ঢালী, যুগ্ম আহবায়ক ইভান খান, সদস্য শফিকুল রহমান সাগর, সদস্য রাশেদ তালুকদার, সদস্য রুহুল আমিন, সদস্য শুভ লাকুরিয়া, সদস্য আবিদ খান, সদস্য রাশেদ মুন্সি সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে তারা কখনই সফল হবে না। বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।