বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় বঙ্গোপসাগর থেকে দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের ট্রলার দুটি আটক করা হয়।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ কেজি সামুদ্রিক মাছ পাওয়া গেছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হচ্ছে। জব্দ মাছ নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে।