ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু: দূতাবাসের কূটনৈতিক উদ্যোগে বড় অগ্রগতি

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ফলে এখন থেকে তারা সহজেই দেশে আসা-যাওয়া করতে পারবেন এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।

১৫ জুলাই রাতে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানায়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত এসেছে। ইতোমধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিপত্র জারি করা হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, গত মে মাসে মালয়েশিয়া সফরকালে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ভিসা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় ১০ জুলাই থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু হয়।

ড. নজরুল আরও জানান, যাদের আগে থেকেই PLKS রয়েছে, তাদের নতুন করে মাল্টিপল ভিসার আবেদন করতে হবে না—নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে এটি ইস্যু হবে। এছাড়া যাদের বৈধ PLKS রয়েছে, তারা এখন মালয়েশিয়া থেকে দেশে যাতায়াত করতে পারবেন নতুন মাল্টিপল ভিসা ছাড়া।

বিশেষজ্ঞরা বলছেন, এটি বাংলাদেশের শ্রমবাজারের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন, যা কর্মীদের ভোগান্তি কমিয়ে এনে মানসিক স্বস্তি দেবে।