জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ সদরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে শহরের পৌর পার্কে একটি পদযাত্রার কর্মসূচি ছিল। এ কর্মসূচি বানচালের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন লাগায় এবং ভাঙচুর চালায়। অভিযুক্তদের মধ্যে ছাত্রলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।