ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহাগ হত্যা: খসড়া এজাহার থেকে ৫ জনের নাম বাদ দিয়েছিলেন নিহতের বোন—ডিএমপি কমিশনার

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় প্রাথমিক খসড়া এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দিয়ে একজনের নাম সংযুক্ত করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি জানান, সোহাগের সাবেক স্ত্রী ও সৎ ভাই প্রথমে ২৩ জনকে আসামি করে একটি খসড়া এজাহার তৈরি করেন। পরে নিহতের বোন থানায় এসে সেই তালিকা পর্যালোচনা করে পাঁচজনকে বাদ দিয়ে ১৯ জনকে চূড়ান্ত এজাহারে আসামি করেন। এর ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয় (মামলা নম্বর-৭)।

কমিশনার আরও জানান, হত্যাকাণ্ডের সময় ৯৯৯ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুইজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে আরও সাতজনকে আটক করা হয়। এ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি প্রধান বলেন, “এজাহার একটি প্রাথমিক অভিযোগপত্র মাত্র। তদন্ত শেষে আদালতে পেশ করা প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত সত্য উদঘাটন হবে।”