গোপালগঞ্জে সহিংস রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় জেলা ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেনসহ শীর্ষ নেতারা।
বিকেল ৫টার পর ১৫-১৬টি গাড়ির একটি বহর নিয়ে তারা গোপালগঞ্জ ছাড়েন বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
এর আগে, দুপুরে গোপালগঞ্জ পৌরপার্কে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীরা হামলা চালালে ব্যাপক ভাঙচুর, মারধর ও উত্তেজনার সৃষ্টি হয়। মঞ্চে উপস্থিত থাকা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করা হয়, এবং এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চলে।
তবে হামলার মধ্যেই সাহসিকতার সঙ্গে বক্তব্য দেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেন, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ শেষে গোপালগঞ্জ ত্যাগের সময়ও এনসিপির গাড়িবহরে ফের হামলা চালানো হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি ছোড়ে এবং তাদের যানবাহনেও হামলা চালানো হয়।
এনসিপি এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।