জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর গৌরবময় স্মৃতি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ-সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনাকে ‘সবুজ ভবিষ্যৎ’-এর সঙ্গে যুক্ত করার বার্তা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্টদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ডিপ্লোম্যাট ওয়ার্ল্ডের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, রেজিস্ট্রার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি ডকুমেন্টারি প্রদর্শনী করা হয় যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
এরপর স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। স্বাগত বক্তব্যের পর প্লাস্টিক দূষণ এবং এ থেকে পরিত্রাণের উপর একটি চমৎপ্রদ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় শিক্ষার্থীদের মাঝে।
উপাচার্য বলেন, আজকের এই আয়োজন সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ আমাদের গণতন্ত্রের ইতিহাসে এক সাহসী অধ্যায়, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ও তরুণদের আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এ দিনটিকে শুধু স্মরণ করি না, বরং এর চেতনা বাস্তবায়নের জন্য কাজ করি।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের চির অম্লান এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মূল্যবান পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।