ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ জুলাই ২০২৪: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রক্তাক্ত বাংলাদেশ, প্রাণ হারান ৩১ জন

১৮ জুলাই ২০২৪—বাংলাদেশের ইতিহাসে একটি রক্তাক্ত ও বহুল আলোচিত দিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ওইদিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের, এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ৩১ জন নিহত হন। আহত হন প্রায় দেড় হাজার।

নিহতদের মধ্যে ঢাকায় ২৪ জন, চট্টগ্রাম ও নরসিংদীতে দু’জন করে এবং রংপুর, সাভার ও মাদারীপুরে একজন করে প্রাণ হারান। নিহতদের অন্তত ১১ জন ছিলেন শিক্ষার্থী।

দিবসটির সহিংসতা সীমাহীন রূপ নেয় যখন রাজধানীর রামপুরায় বিটিভি ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেতু ভবনে অগ্নিসংযোগ ঘটে। ফলে বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। উত্তরা-পূর্ব থানাসহ বিভিন্ন এলাকায় পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হয়, ভাঙচুর চলে বাড্ডা, মিরপুর, কাজলা, শান্তিনগর, তেজগাঁও, আজিমপুরসহ বহু এলাকায়। রেল ও সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ দেশজুড়ে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়, নিষিদ্ধ করা হয় সভা-সমাবেশ। রাত ৯টার পর সারাদেশে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা।

সরকার আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে ‘শহীদের রক্তের সাথে বেইমানি নয়’—এই বার্তা দেন। আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলাম একে “জনতার বিপ্লব” হিসেবে আখ্যা দেন।

অবরোধ চলাকালে সারাদেশে ২৫টির বেশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে—ছয়টি বাস, দুইটি মাইক্রোবাস, ২০টিরও বেশি মোটরসাইকেল ও বহু সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এ পরিস্থিতি তদন্তে গঠিত হয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতাসহ শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারে রাষ্ট্রের সম্মান রক্ষার আহ্বান জানান।

এক বছর পরও ১৮ জুলাই ২০২৪ সালের এই দিনটি স্মরণ করলেই ফিরে আসে এক গভীর রাজনৈতিক সংকট, ছাত্র জনতার আত্মত্যাগ, রাষ্ট্রীয় দমন-পীড়ন এবং আন্দোলন-সংগ্রামের এক চরম বাস্তবতা।