২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শরীয়তপুরের ১৪ শহীদদের স্মৃতি সংরক্ষণে “এক শহীদ এক বৃক্ষ কর্মসূচী” এর আওতায় ১৪টি নিমগাছ রোপণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও শরীয়তপুর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
শহীদদের স্মৃতি সংরক্ষণ বৃক্ষ রোপণ ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার মো: ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আসলাম হোসাইন, সহকারী বন সংরক্ষক ফরিদপুর মোস্তফা আল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহবায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিন্টু (আদর) ও শহীদ মামুনের মা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, জুলাই-আগস্ট শহীদদের আত্মত্যাগ স্মরণে রাখতেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় সম্মিলিত এই উদ্যোগ। শরীয়তপুর শহীদ মিনার প্রাঙ্গনে আজ যে ১৪টি নিমগাছ রোপণ করা হলো এর মাধ্যমে অভ্যুত্থানে শহীদদের চেতনা আমাদের মাঝে সদা জাগ্রত থাকবে।