ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের বেকার করা আমার দায়িত্ব নয়: বন্ধ কারখানা চালু ও সুরক্ষার আশ্বাস ড. সাখাওয়াত হোসেনের

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আমি কোনো শিল্প বা গার্মেন্ট মালিক নই—আমি ন্যায়নীতির পক্ষে। কোনো শ্রমিককে বেকার করা আমার কাজ নয়।”

শনিবার সাভারে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেকার শ্রমিকরা এমনি এমনি হননি। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অনেক মালিক ব্যাংক ঋণ নিয়ে বিদেশে পালিয়েছে—এখন আমাদেরই সব সামলাতে হচ্ছে।”

তিনি আরও জানান, বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন বেক্সিমকো চালুর জন্য বিদেশি সংস্থার সঙ্গে আলোচনা চলছে। বিজিএমইএ সদস্যভুক্ত বন্ধ কারখানাগুলোর ব্যাপারে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।

সাখাওয়াত বলেন, শ্রমিকের কাজ না থাকলে পুরো পরিবার বিপদে পড়ে। এ জন্য ট্রেড ইউনিয়ন ব্যবস্থায় শিথিলতা আনা হয়েছে। এখন থেকে শ্রমিকদের মালিকরা কালো তালিকাভুক্ত করতে পারবেন না। প্রতিটি প্রতিষ্ঠানে শ্রমিকদের ভোটের মাধ্যমে সিবিএ গঠন হবে এবং তারা সরকারের কাছে দাবি জানাতে পারবে।

তিনি জানান, ৫ জনের বেশি শ্রমিক আছে—এমন প্রতিটি প্রতিষ্ঠানে শ্রম আইন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মালিকদের মুনাফার ০.৫% শ্রমিক কল্যাণ তহবিলে দেওয়ার বাধ্যবাধকতা কার্যকর করা হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, “আমি মালিক-শ্রমিক উভয়ের পক্ষেই কাজ করতে চাই। যৌক্তিক দাবিতে মন্ত্রণালয়ের দরজা খোলা, তবে অযৌক্তিকভাবে ঘেরাও মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে শ্রমিকদের পক্ষ নিয়ে আমিও রাস্তায় নামব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব এ এইচ এম সফিকুজ্জামান, উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, ফরিদা আখতার, শারমীন এস মুরশিদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিরা। ৯ জন শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।