শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের কাছে পরপর দুটি দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নড়িয়া পৌরসভার মাদবরবাজার এলাকায় উপজেলা বিএনপির একাংশ আয়োজিত সমাবেশস্থলের পাশে বিস্ফোরণ ঘটে। এর আগে ভোর ৪টার দিকেও একই স্থানে আরও এক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, আজ রোববার দুপুরে নড়িয়া পৌরসভার মাদবরবাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে উপজেলা বিএনপির একটি অংশের সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশস্থলের পাশেই দুই দফায় বিস্ফোরণের ঘটনা ঘটায় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, “আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।”