বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বিভক্তির রাজনীতি করেছে আওয়ামী লীগ। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, বিভক্তি নয়।”
রবিবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ প্রকাশনীর আয়োজনে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়’ শীর্ষক বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২৪ সালের ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান জাতীয় ঐক্যের প্রতীক, যা ব্যবহার করে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে।
স্বৈরাচারের পতন স্বাভাবিকভাবে হয় না উল্লেখ করে তিনি বলেন, “যেমনটি শেখ মুজিব করেছিলেন, তিনিও ক্ষমতা পরিবর্তনের কোনো পথ রাখেননি—যা তাজউদ্দীনের মেয়েও তার বইতে লিখেছেন।”
আলোচনায় আরও অংশ নেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, ড. মাহদী আমিন, অধ্যাপক শামীমা সুলতানা ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। বইটির লেখক ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান।