ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার সায়েদাবাদ গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোমেনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সোমবার (২১ জুলাই) ভোর পাঁচটা থেকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অভিযানে নেমেছেন।

নিহত মোমেনা বেগম সায়েদাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন—নাজিমউদ্দিন (৪৫), সিয়াম মিয়া (১৬), মো. রানা (২০), মো. মাহিন (২০) ও তাজুল ইসলাম (২০)। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানিফ মিয়া ও এরশাদ মিয়ার পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। একজন নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে।”

সরেজমিনে গিয়ে জানা যায়, শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের নিয়ন্ত্রণ নিয়ে বালুরচর ও সায়েদাবাদ গ্রামের মধ্যে দীর্ঘ ৩০ বছরের বিরোধ চলছিল। সায়েদাবাদ বাজার বর্তমানে হানিফ মিয়া পক্ষের দখলে। বালুরচরের লোকজন এরশাদ মিয়ার নেতৃত্বে বাজারে যাতায়াত করতে চাইলে বাধা দেওয়া হয়। এই বিরোধ থেকেই দুই পক্ষ মাঝে মাঝেই সংঘর্ষে জড়ায়।

সোমবার ভোরে এরশাদ মিয়ার নেতৃত্বে বালুরচরের লোকজন আগ্নেয়াস্ত্র, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সায়েদাবাদ বাজারে হামলা চালায়। এতে নারী, শিশুসহ বহু মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে নেওয়ার পথেই মোমেনা বেগম মারা যান।

এ খবরে হানিফ মিয়ার লোকজন পাল্টা হামলা চালায়। এর আগেই বালুরচরের অনেক বাসিন্দা গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। হামলার সময় বেশ কিছু বাড়িঘরে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, “ওই নারী বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আনার আগেই মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ আরও পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।”

১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, “সায়েদাবাদ থেকে দুজন গুলিবিদ্ধ রোগী এসেছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।”

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার বলেন, “রায়পুরার চরাঞ্চলে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

দুই পক্ষের নেতাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও হানিফ মিয়া ও মো. এরশাদ মিয়ার ফোন বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ আগস্ট একই বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ছয়জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন। ওই ঘটনায় রায়পুরা থানায় দুটি হত্যা মামলা হয়, যেখানে হানিফ মিয়াকে প্রধান আসামি করা হয়।