রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৭০ জনের বেশি। এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একটি আগাম সতর্কবার্তাসদৃশ ফেসবুক পোস্ট।
ঘটনার একদিন আগে, ২০ জুলাই (রোববার) ‘Anonymous Main Page’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়—
“একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।”
পোস্টটিতে আরও লেখা হয়,
“এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের ঘাটতি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই সতর্কবার্তা দিচ্ছি।”
পরদিন, ২১ জুলাই বিমান দুর্ঘটনার পর ওই একই পেজ থেকে দুর্ঘটনার ভিডিও শেয়ার করে আরেকটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়—
“আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জার বিষয়।”
পোস্টটিতে আরও দাবি করা হয়,
“বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে। আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগেভাগেই প্রতিকার নিন—না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে।”
পেজটির অ্যাবাউট সেকশনে লেখা রয়েছে, তারা বিশ্বব্যাপী আগাম সতর্কতা প্রদান করে থাকে, তবে কখনোই নিজেদের পরিচয় প্রকাশ করে না। ফেসবুকের তথ্যানুযায়ী, ‘Anonymous Main Page’ পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে।
এই পোস্টটি সামনে আসার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন—বিমান দুর্ঘটনার আগে একটি ভবন ধসের সম্ভাবনার কথা বলা হলেও সময় ও ঘটনার ভয়াবহতা ছিল প্রায় মিলে যাওয়ার মতো। কেউ কেউ এটিকে কাকতালীয় মনে করলেও, অনেকেই বলছেন—এমন আগাম বার্তা উপেক্ষা করাও ঝুঁকিপূর্ণ হতে পারে।
এখন দেখার বিষয়, এসব ‘সতর্কবার্তা’ ভবিষ্যতে প্রশাসনের নজরে আসে কি না এবং এসব পোস্টের নেপথ্যে আসলেই কোনো তথ্যভিত্তিক ভবিষ্যদ্বাণী আছে কি না, নাকি এগুলো নিছকই আতঙ্ক ছড়ানোর কৌশল।