ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার। সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট হয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।
২২ জুলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় দিন—কারণ এই দিনেই তিনি প্রথম একক ফ্লাইট বা ‘সলো ফ্লাইট’ পরিচালনা করছিলেন। পাইলটদের জন্য এটি সবচেয়ে গর্বের মুহূর্ত। কিন্তু দুঃখজনকভাবে, সেই দিনের শেষটা হলো এক মর্মান্তিক দুর্ঘটনায়।
তৌকির মাত্র এক বছর আগে বিয়ে করেন। তার স্ত্রী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। ছোটবেলা থেকেই তৌকির পাইলট হতে চেয়েছিলেন, যদিও পরিবার চাইত তিনি সেনাবাহিনীতে যোগ দিন। কিন্তু নিজের স্বপ্নে অটল থেকে পড়াশোনা করেন রাজশাহী সরকারি ল্যাব থেকে পাবনা ক্যাডেট কলেজ, এরপর যোগ দেন বিমান বাহিনীতে।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে ৭০ জনের বেশি দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বার্ন ইউনিটে। অনেকেই শিক্ষার্থী।
স্বপ্নের দিনেই এমন করুণ বিদায়—তৌকিরের গল্প এখন গোটা দেশের কাঁদা এক নাম।