উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার সময় সহকর্মী ও শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন শিক্ষিকা মাহরিন চৌধুরী (৪২)। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি একের পর এক শিক্ষার্থীকে আগুনের লেলিহান শিখার মাঝখান থেকে উদ্ধার করেন। কিন্তু নিজে আর বের হতে পারেননি। ৮০ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন তিনি।
ঘটনাটি ঘটে সোমবার, ২১ জুলাই দুপুরে। মাইলস্টোন কলেজের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী তখন ক্লাস শেষে শিক্ষার্থীদের বের করে দিচ্ছিলেন। হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান কলেজ ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয় এবং মুহূর্তেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সেনাসদস্যরা জানান, আগুনের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের একজন একজন করে বের করে আনছিলেন মাহরিন ম্যাম। বাচ্চাদের সাহস দিয়ে বলছিলেন— “ভয় পেও না, আমি আছি।” তবে শেষ পর্যন্ত তিনিই আর বের হতে পারেননি।
গুরুতর দগ্ধ অবস্থায় তাকে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাতেই আইসিইউতে তার মৃত্যু হয় বলে জানান ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তার ভাই মুনাফ মুজিব চৌধুরী ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, “মাহরিন আপু আর নেই। আগুন লাগার পর তিনি প্রথমে নিজে বের হননি, যতজন শিক্ষার্থীকে পারেন বের করে আনতে চেষ্টা করেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মমতাময়ী বড় বোন।”
মাহরিনের স্বামী মনসুর হেলাল জানান, “স্কুল ছুটির পর মাহরিন বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন, তখনই গেটের সামনে বিমানটি পড়ে। নিজের শরীর পুড়লেও তিনি সন্তানসম শিক্ষার্থীদের বাঁচাতে পিছু হটেননি।”
এই হৃদয়বিদারক ঘটনায় এখন পর্যন্ত ২৮ জন নিহত এবং অন্তত ১৭১ জন দগ্ধ হয়েছেন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
দেশজুড়ে এই আত্মত্যাগী শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষাবিদ ও প্রশাসনের শীর্ষ পর্যায় পর্যন্ত সবাই।