ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুঃশাসনের ফলেই একের পর এক দুর্ঘটনা ঘটছে: মাইলস্টোন দুর্ঘটনায় জিএম কাদেরের কঠোর সমালোচনা

রাজধানীর মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, “দেশে যখন কেউ নিয়ম মানে না, সঠিকভাবে শাসন চলে না—তখন একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। এর পেছনে রয়েছে দুঃশাসন।”

২২ জুলাই, মঙ্গলবার বিকেলে আয়োজিত এ দোয়া মাহফিলে তিনি বলেন, ‌”সন্তানহারা অভিভাবকদের চোখের জলে আল্লাহর আরশ কাঁপছে, অথচ সরকার দায় নিতে চায় না। এমন পরিস্থিতির জন্য কারা দায়ী, তার জবাব কে দেবে?”

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার অনুপস্থিত। বর্তমান সরকারের অধীনে নির্বাচনের প্রতি জনগণের আস্থা নেই। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

জিএম কাদের অভিযোগ করেন, বর্তমান সরকার বিভক্তির রাজনীতি করছে এবং রাজনৈতিক প্রতিপক্ষদের ফ্যাসিবাদ আখ্যা দিয়ে দমন করছে। এ অবস্থায় সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাও আসবে না।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদসহ জাপার শীর্ষ নেতারা বক্তব্য দেন।