নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে কোনো দলই এখন পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি। এ পরিস্থিতিতে কমিশন এসব দলকে ১৫ দিনের অতিরিক্ত সময় দিয়েছে শর্ত পূরণে।
মঙ্গলবার (২২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানান, “আমরা সকল দলকে ১৫ দিনের সময় দিয়েছি। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তারা শর্ত পূরণে ব্যর্থ হয়, তাহলে আবেদন বাতিল করা হবে।”
এর আগে ২০ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন গ্রহণ করে ইসি। পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল আবেদন করে, কিন্তু কোন দলই প্রাথমিক শর্ত পূরণে উত্তীর্ণ হয়নি।
জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য আবেদনকারী দলগুলোকে ইসি সাম্প্রতিক নির্দেশনার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১৫ দিনের মধ্যে যদি শর্ত পূরণ করা না হয়, তবে আবেদন বাতিল করা হবে এবং এ বিষয়ে আর কোনো বাড়তি সময় বা সুযোগ থাকবে না।