ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির সংকটে জামায়াতের কোনো নেতা দেশ ছাড়েননি: আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ইতিহাসে জাতির যেকোনো সংকটকালে জামায়াতের কোনো নেতা কখনও দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, “এই দলের নেতৃত্ব সবসময় জনগণের পাশে থেকেছে, পালিয়ে যাওয়ার সংস্কৃতি আমাদের মধ্যে নেই।”

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর দক্ষিণ মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বা সম্পদ দখলের অভিযোগ নেই দাবি করে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ইসলাম শান্তি, ন্যায়বিচার ও সহনশীলতার ধর্ম। তাই জামায়াত কখনও কারো অধিকার হরণে বিশ্বাস করে না।”

নারীর স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিক বলেন, “ইসলামে নারীদের যে সম্মান দেওয়া হয়েছে, তা অন্য কোনো ধর্মে নেই। জামায়াতে ইসলামীর সমাজব্যবস্থায় নারীরা চাকরি, ব্যবসা এবং উন্নয়নমূলক কাজে পূর্ণ স্বাধীনতা ও অংশগ্রহণের সুযোগ পাবেন। আমরা সেই পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কোনো অলীক কল্পনার সংগঠন নয়। সমাজ পরিবর্তনের বাস্তব স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি। সংগঠনের কাঠামো ও সম্পদ ব্যবস্থাপনাকে সুসংহত করে আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

সম্মেলনে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।