বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ ‘অপরাজনীতি’ শুরু করেছে। শুক্রবার (২৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, “গত ১৫-১৬ বছরে যারা দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে জড়িত, তারাই এ ঘটনার পরদিন সচিবালয় ও কলেজের সামনে উদ্দেশ্যমূলক মিছিল করেছে। এসব স্লোগানে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে।”
এ্যানি জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধভাবে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।