ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানান কারণে বাংলাদেশের পাসপোর্টে ভিসা দিচ্ছে না বহির্বিশ্ব

বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য অনেক দেশের দরজা ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে বিশ্ব। এমনকি ছোট ছোট দেশগুলোও এখন অন-অ্যারাইভাল ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। অনেক দেশই বাংলাদেশিদের ভিসা প্রদানে দীর্ঘসূত্রতা সৃষ্টি করছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ট্যুরিস্ট ভিসা দিতে চাচ্ছে না, আর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিসা প্রদানে বাড়তি কড়াকড়ি চালু রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে অপরাধপ্রবণতা। কূটনৈতিক সম্পর্ক ভালো থাকলেও, নানা কারণে এসব দেশের ভিসা এখন আর সহজে মিলছে না।
উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়া বিগত তিন বছর ধরে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে। কারণ হিসেবে বলা হয়েছে, মানব পাচারকারীরা অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য ইন্দোনেশিয়াকে রুট হিসেবে ব্যবহার করছিল। পরবর্তী সময়ে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ অন-অ্যারাইভাল ভিসা চালুর অনুরোধ জানালেও ইন্দোনেশিয়ার অবস্থানে পরিবর্তন আসেনি। এখন আবেদন করলে যাচাই-বাছাই শেষে দুই-তিন মাস সময় লেগে যাচ্ছে ভিসা পেতে।

একইভাবে, ভিয়েতনামেও বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে। অভিযোগ রয়েছে, অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় গিয়ে নির্ধারিত মেয়াদ শেষে দেশে ফেরেননি। কেউ কেউ সেখানেই কাজ করছেন বা অবৈধভাবে অন্য দেশে চলে গেছেন। এ কারণেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার।

সূত্র জানায়, বাংলাদেশের শীর্ষ শ্রমবাজার সৌদি আরব ইতোমধ্যে বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য ওয়ার্ক ভিসা, ওমরাহ, পারিবারিক ভিজিট এবং ব্যবসায়িক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে। তৃতীয় শীর্ষ শ্রমবাজার ওমানেও গত বছর থেকেই ভিসা বন্ধ। গত বছরের জুন থেকে মালয়েশিয়ার শ্রমবাজারও বন্ধ রয়েছে।
এছাড়া ইতালির কাজের ভিসা পেতেও তৈরি হয়েছে জটিলতা—দীর্ঘদিন অপেক্ষা করেও ভিসা মিলছে না। জাপান ও দক্ষিণ কোরিয়াতেও চাহিদামতো শ্রমিক পাঠানো যাচ্ছে না। ইউরোপের দেশগুলোর ভিসা প্রাপ্তিও প্রত্যাশার তুলনায় অনেক কম।

পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য কম্বোডিয়ার সিয়েম রিয়াপ শহর বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্থান হলেও, দেশটি বাংলাদেশিদের জন্য কঠোর নিয়মকানুন আরোপ করেছে। সেখানে প্রবেশ করতে হলে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
ভিয়েতনামেও অনেক বাংলাদেশি ঘুরতে যেতেন, কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে দেশটি বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের ভিসাও বন্ধ রয়েছে।
বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডেও ভিসা প্রক্রিয়া কঠোর করা হয়েছে। আগে যেখানে তিন-চার দিনের মধ্যে ভিসা পাওয়া যেত, এখন অনেক সময়ই আবেদন বাতিল হয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও সেনজেনভুক্ত দেশগুলোর ভ্রমণ ভিসার আবেদনও অনেকাংশে বাতিল হচ্ছে। সময়মতো ভিসা মিলছে না।

দুবাই দীর্ঘ সময় বন্ধ রাখার পর সীমিত আকারে আবার ভিসা চালু করলেও সম্প্রতি উজবেকিস্তান বাংলাদেশের নাম ইলেকট্রনিক ভিসার তালিকা থেকে সরিয়ে দিয়েছে।

এ বিষয়ে টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান বলেন, “বিভিন্ন দেশ থেকে ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশিদের আউটবাউন্ড ট্যুরিজম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ভিসা পেতে সমস্যা হচ্ছে। পাশাপাশি দুবাই, উজবেকিস্তান, ইজিপ্ট, কুয়েত, বাহরাইন, ওমান এবং কাতারের ভিসাও মিলছে না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়াও জটিল হয়ে পড়েছে। ভারতের ভিসা এখনও বন্ধ।”

তবে এখনো যেসব দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে, সেগুলো হলো—নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
টোয়াব মনে করে, যেসব দেশে ভিসা সমস্যা রয়েছে, সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চাওয়া যেতে পারে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “ভিসা নিয়ে বিভিন্ন দেশ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তার জন্য অনেকটাই আমরা নিজেরাই দায়ী। বাংলাদেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা, বিশেষ করে যারা মানুষ বিদেশে পাঠান, তাদের অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের কারণেই সমস্যাগুলো তৈরি হচ্ছে।”