ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, শরীয়তপুর-এর আয়োজনে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবুল বাশার মিঞা। সম্মেলনে শরীয়তপুরে কর্মরত সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, শরীয়তপুর জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুমন কুমার পোদ্দার, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান দিপু এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান।

এছাড়াও জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ বিভাগের শীর্ষ পর্যায়ের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা কনফারেন্সে অংশ নেন।

স্বাগত বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, সুষ্ঠু তদন্ত এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ, ম্যাজিস্ট্রেসি ও সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য।

তিনি ‘পুলিশ রিমান্ড’ বিষয়ক একটি মাল্টিমিডিয়া পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদান করেন, যেখানে রিমান্ড প্রক্রিয়ার আইনি কাঠামো, নীতিমালা ও মানবাধিকার প্রসঙ্গগুলো তুলে ধরা হয়।

উন্মুক্ত আলোচনায় পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা রিমান্ড সংক্রান্ত জিজ্ঞাসা ও মাঠপর্যায়ে তদন্তে সম্মুখীন সমস্যাগুলো উপস্থাপন করেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন পিবিআই পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান, ডা. হাবিবুর রহমান, ডা. সুমন কুমার পোদ্দার, পিপি মনিরুজ্জামান দিপু এবং মুহাম্মদ কামরুল হাসান।

সমাপনী বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কনফারেন্সের সফল আয়োজন ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।