ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সমন্বয়কের পরিচয়ে চাঁদাবাজি করলে সরাসরি পুলিশের হাতে দিন’ — এনসিপি নেতা সারজিসের সতর্কবার্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় বলেছেন, ‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্যে জড়ালে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে ধরিয়ে দিন।

রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অপকর্মে জড়ায়, তাকে ছাড় দেওয়া হবে না।

এর আগে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, দেশের সব জেলা ও শাখা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ অনিয়মে জড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ১৭ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন। প্রথম দফায় ১০ লাখ টাকা নেওয়ার পর ২৬ জুলাই রাতে তারা বাকি টাকা আনতে গেলে, গুলশান থানা পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

ঘটনার পর সারাদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে অভিযুক্তদের মধ্যে তিনজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং গুলশান থানায় দায়ের করা মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়।