বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে ব্যর্থ হয়ে মিডিয়া প্রভাব ব্যবহার করে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ দাবি করেন, মুরাদনগরে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে তাঁর নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে, যদিও তিনি বা তাঁর পরিবার গত তিন মাস ধরে এলাকায় অনুপস্থিত।
তিনি আরও বলেন, “ইশরাক হোসেন মেয়র হতে না পেরে কায়কোবাদ পরিবারের সঙ্গে জোটবদ্ধ হয়ে তাঁর দখলে থাকা একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের এক আসামিকে ভিকটিম বানিয়ে প্রচার চালানো হচ্ছে, যা বাস্তবতা বিকৃত করার চেষ্টা।”
আসিফ মাহমুদ অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তা এবং রাজনৈতিক মাঠে সম্ভাবনা মোকাবিলায় একটি সন্ত্রাস-সমর্থিত গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। তিনি নিজেকে কোনো “ক্ষমতাধর প্রতিষ্ঠানের পছন্দের প্রার্থী নন” বলেও উল্লেখ করেন।
তিনি এই ঘটনার পেছনে বৃহৎ “মাফিয়া এস্টাবলিশমেন্ট”-এর হাত রয়েছে বলে দাবি করেন এবং বলেন, “এই কাঠামোর বিরুদ্ধে সত্য বলা এখন অপরাধে পরিণত হয়েছে।”
এ বিষয়ে ইশরাক হোসেনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।