নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকানমালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নিহত হয়েছেন। বুধবার সকালে মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার দাবি করেছে, স্থানীয় বিএনপি নেতা তোতা মেম্বার ও তার অনুসারীরা তাকে পার্টি অফিসে নিয়ে পিটিয়ে হত্যা করেন।
ঘটনার পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, ছাত্রদলের সাবেক নেতা খোকন প্রধানসহ পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকটি দোকান মিলিয়ে একটি বিএনপি অফিস পরিচালিত হচ্ছিল, যার একটি অংশের মালিক ছিলেন জাহাঙ্গীর। বকেয়া ভাড়া চাইতে গিয়ে বিরোধ শুরু হলে তাকে মারধর করা হয় এবং হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।