বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘যে দলগুলোর জামানত থাকবে না তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পতিত ফ্যাসিবাদের দোসরকে আবার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে ‘।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নরসিংদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে “মার্চ ফর জাস্টিস” দিবস উদযাপন উপলক্ষে আইনজীবীদের পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খায়রুল কবির বলেন, আমরা যে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য গড়ে ছিলাম, যে ঐক্য ছিল, ঐক্যে আজ ফাটল হচ্ছে, বিভাজন তৈরি করা হচ্ছে। বিএনপিকে নিয়ে অকারণে বিষেধাগার করা হচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। আমরা কারও প্রতিপক্ষ নয়, আমরা একই সাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করেছিলাম আইনের শাসন, ন্যায় বিচার,মানবতা প্রতিষ্ঠা করার জন্য। এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য, সেই মত প্রকাশের স্বাধীনতা এখন দুরাশা আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত বিচার বিভাগে ৬০ শতাংশ ফ্যাসিবাদের দোসরদের নিয়োগপ্রাপ্ত রয়েছে। প্রশাসনেও বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে রয়েছে। যারা ভয়ংকর মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়,তাদেরকে বিচারেই আওতায় আসতে হবে। এক বছর হতে চলেছে,কি বলেছেন,কি করছেন জনগণ জানতে চায়। বিএনপির সহযোগিতা না থাকলে এ সরকার দেশ চালাতে পারতো না। বিএনপি সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। ঐক্যমত্যের যে প্রস্তাব এসেছে বিএনপি প্রায় ৬৫০টি প্রস্তাবে ঐক্যমত্য প্রকাশ করেছেন বলে জানান তিনি।
পদযাত্রাটি নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে নরসিংদী আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট আব্দুল বাসেদ ভূইয়া, এডভোকেট শাহজাহান মিয়াসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।