মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি বাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় কুদ্দুস চাঁন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার কামারখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। গৌরিপুর থেকে ফরিদপুরে জাকের পার্টির দরবার শরিফগামী আলিফ পরিবহনের একটি বাসের পেছনের চাকা ফেটে গেলে তা মেরামতের জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।