বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সাদেকুল হক সাদেকের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে আইএসপিআর।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে মেজর সাদেককে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।
সংস্থাটি জানায়, তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়েও পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে, এবং এখন সেনা আইনের আওতায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী একটি অরাজনৈতিক, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী। কোনো সদস্য রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ২৮ জুলাই ‘দৈনিক আমার দেশ’ একটি অনুসন্ধানী প্রতিবেদনে ‘আওয়ামী লীগের দেশজুড়ে নাশকতার ছক’ প্রকাশ করে, যার সূত্র ধরে মেজর সাদেকসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রশিক্ষণের নামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ ক্যাডারকে তিনি গোপনে পরিচালিত কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছিলেন।