ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিআইপি সুবিধা বর্জন করে লন্ডনে সাধারণ বাসে তারেক রহমান, ভাইরাল ছবিতে প্রশংসার জোয়ার

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লন্ডনের লোকাল বাসে চলাচলের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, লন্ডনের উত্তরাংশের এক বাসস্টপে মোবাইল হাতে অপেক্ষা করছেন তিনি; পরে সাধারণ যাত্রীদের সঙ্গে একটি লাল ডাবল-ডেকার বাসে ওঠেন। নেই কোনো নিরাপত্তা প্রটোকল বা ব্যক্তিগত গাড়ির বহর।

নিউ ভিক্টোরিয়া হসপিটালের বাসস্টপে তোলা একটি ছবিতে দেখা যায়, তিনি ‘কিংস্টন’গামী বাসের জন্য দাঁড়িয়ে আছেন এবং মোবাইলে কিছু পড়ছেন। ভিন্ন ভিন্ন ছবিতে তার বাসে ওঠা ও নামার দৃশ্যও ধরা পড়ে।

বিএনপির মিডিয়া সেল দাবি করেছে, এটি তারেক রহমানের বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিচ্ছবি। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ‘অ্যান্টি-ভিআইপি রাজনীতির’ বার্তা হিসেবেও দেখছেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই ভিডিও বার্তা ও ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।