রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা’ পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
সোমবার (৪ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “২০২৪ সালের এই দিনে জনগণের ওপর দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি, লুটপাট, নিপীড়ন, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং চূড়ান্ত বিজয় অর্জন করে।”
রাষ্ট্রপতি বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণের ক্ষমতায়ন।
তিনি শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং আহত ও নিখোঁজদের পরিবারকে ন্যায়বিচার প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, “জুলাই অভ্যুত্থানের আদর্শ ধারণ করে একটি সাম্য ও ন্যায়ের নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”
রাষ্ট্রপতি দিবসটির সব কর্মসূচির সফলতা কামনা করেন এবং দেশের মুক্তিকামী মানুষকে শুভেচ্ছা জানান।