জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করা হয়েছে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণাপত্র পাঠ করেন।
ঘটনাস্থলে প্রবল বৃষ্টির সময় রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা যায় বিরল সৌহার্দ্যের চিত্র। জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের ছাতার নিচে অবস্থান নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ছাতা ধরে সহায়তা করেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। একইভাবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ছাতার নিচে ছিলেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর।
এই হৃদ্যতাপূর্ণ দৃশ্যগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে প্রশংসার ঝড় তোলে। বিশ্লেষকদের মতে, মতভেদ থাকা সত্ত্বেও রাজনীতিতে এমন পারস্পরিক সৌহার্দ্য দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে।