বিশ্ববিখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক ইন্দোনেশিয়ার বালিতে ৪৩০ ফুট (প্রায় ৪৫ তলা) উঁচু থেকে বাঞ্জি জাম্প করেছেন। এই অ্যাডভেঞ্চারের ভিডিও তিনি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, যা বিশ্বজুড়ে তাঁর অনুসারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জিও নিউজ জানায়, ৫৯ বছর বয়সী ড. নায়েক ধর্মীয় বক্তৃতার পাশাপাশি এখন অ্যাডভেঞ্চার স্পোর্টসেও সরব। এর আগেও তিনি উগান্ডায় ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেন। চলতি সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এ অংশ নিয়ে তা উপভোগ করছেন।
এর পাশাপাশি, গত সফরে পাকিস্তানে তাকে ইসলামি স্টাডিজে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে করাচি বিশ্ববিদ্যালয়। গভর্নর কামরান টেসোরির হাতে এই ডিগ্রি গ্রহণ করেন তিনি।