জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট ২০২৫) বিকেলে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এবং সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আফজাল হোসেন, বিএনপি নেতা সরদার চান মিয়া, অ্যাডভোকেট এনামুল হক এনাম, আলী আজগর কাজী, সাবেক ছাত্রনেতা ইলোরা হাওলাদার, যুবদল নেতা খোকন মোল্লা, আজাদ মাল, সোহেল সরদার, ছাত্রনেতা পান্থ তালুকদার প্রমুখ।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই র্যালিতে অংশগ্রহণ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান কিরণ বলেন,
“জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, যা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। গত ১৫ বছরে স্বৈরাচারী হাসিনা সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখন সেই গণতন্ত্র পুনরুদ্ধার করে একটি স্বাধীন ও জনগণের রাষ্ট্র গঠনের শপথ নিয়েছি।”
তিনি আরও বলেন,
“আমরা বিশ্বাস করি, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে, ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত না হয়—সেই লক্ষ্যে আমাদের সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।”