জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে—শহীদদের হত্যার বিচার, পঙ্গুত্ববরণকারী সৈনিকদের জন্য দায়ী স্বৈরাচার সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হত্যাকাণ্ডে জড়িত সরকারি আমলাদের বিরুদ্ধে বিচার দাবিতে—বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলার ছয়টি উপজেলা ও সাতটি থানায় পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা কমিটির উপদেষ্টা মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর নেতৃত্বে সকাল ১০টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলা শহরের পালং উত্তরবাজার জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরের পুলিশ বক্সের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর (পালং) থানা কমিটির সভাপতি মুফতি নাজমুল হাসান এবং সঞ্চালনা করেন সদর থানার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা কমিটির সভাপতি এস. এম. আহসান হাবীব, জেলা মুজাহিদ কমিটির মুফতি ফেরদৌস আহমেদ, জেলা সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মো. ফিরোজ আলম ঢালীসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদদের হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তারা আরও বলেন, “আমরা দুর্নীতিমুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে আগাম জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে ‘পিয়ার পদ্ধতিতে’ (proportional representation system) অনুষ্ঠানের দাবি জানাই।”
অন্যদিকে জেলার নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায়ও পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মী অংশগ্রহণ করেন।