ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সফরে এনসিপি নেতারা গোয়েন্দা নজরদারিতে, রহস্য আরও ঘনীভূত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা হঠাৎ করে কক্সবাজার সফরে গেলে তা ঘিরে গোয়েন্দা সংস্থার ব্যাপক তৎপরতা ও রাজনৈতিক মহলে জোরালো আলোচনার জন্ম দেয়। ৫ আগস্ট সকালে কক্সবাজার পৌঁছে তাঁরা ইনানীর বিলাসবহুল রয়েল টিউলিপ রিসোর্টে ওঠেন এবং পরদিন আকস্মিকভাবে হোটেল পরিবর্তন করে শহরের প্রাসাদ প্যারাডাইসে চলে যান। এই স্থানান্তর নজর কাড়ে প্রশাসনের।

ডিজিএফআই ও এনএসআইসহ একাধিক গোয়েন্দা সংস্থা তাঁদের গতিবিধির ওপর নজর রাখছে এবং হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছে। যদিও বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠকের গুঞ্জন উঠলেও এখনো পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি।

এনসিপি’র কেন্দ্রীয় দপ্তর থেকে নেতাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে—জুলাই গণঅভ্যুত্থান দিবসে এমন সফরের কারণ না জানানোর জন্য। দলের অভ্যন্তরে যেমন অস্বস্তি, তেমনি রাজনৈতিক অঙ্গনেও চলছে জল্পনা। স্থানীয় পুলিশ জানায়, নেতাদের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিদেশি সংযোগের গুজব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সফরের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা থাকলেও পরিস্থিতি রাজনৈতিক ও গোয়েন্দা দৃষ্টিকোণে স্পর্শকাতর হয়ে উঠেছে। এখন সবার নজর এনসিপি নেতাদের পরবর্তী পদক্ষেপের দিকে।