ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ আসনে (নড়িয়া, সখিপুর ও ভেদরগঞ্জ) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে নড়িয়া উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও নড়িয়া কলেজ শাখা ছাত্রদল।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিছিল আকারে প্রচারণা চালানো হয়। গণসংযোগে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা এবং নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান পঞ্চায়েত।

নেতৃবৃন্দ জানান, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণের পক্ষে এ গণসংযোগের আয়োজন করা হয়। তারা বলেন, “এটি আমাদের দলীয় প্রস্তুতির অংশ। জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি—গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।”

এসময় বক্তারা আরও জানান, শরীয়তপুর-২ আসনে আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে এমপি হিসেবে দেখতে চান তারা।

গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।