ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও এক যুবককে স্থানীয়রা আটক করেছে।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া পৌরসভার ঢালীপাড়া মাঝিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্যের নাম আল আমিন দিপু, তিনি নড়িয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। অপরজনের নাম আসাদ হোসেন (১৮)। সে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, তাদের চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসলাম উদ্দিন মোল্যা বলেন, কনস্টেবল আল আমিন দিপুকে রাতেই প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।