ইতালিস্থ শরীয়তপুর জেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ করে শরীয়তপুর সমিতি গঠন করার লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সভায় আগত নেতৃবৃন্দ ও শরীয়তপুরের প্রবাসীদের মধ্যে পূর্বের কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা যায়। মতবিনিময় শেষে খুব দ্রুততম সময়ের মধ্যে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার ব্যাপারে এক্যমত পোষণ করেন সবাই।
রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৮টার দিকে ইতালির রাজধানী রোম শহরের লার্গো প্রেনেস্তিনায় অবস্থিত কর্ণফুলী রেস্টুরেন্টে ইতালিস্থ শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভা সূত্রে জানা যায়, দীর্ঘ ২৩ বছরের পুরানো কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে নতুন একটি কমিটি করতে ঐক্যবদ্ধ হোন ইতালিস্থ শরীয়তপুরের প্রবাসীরা। সভায় বক্তারা বলেন, ২৩ বছর ধরে শরীয়তপুর সমিতিকে কুক্ষিগত করে রাখা হয়েছে। সভাপতি আব্দুর রব ফকির ইতালিতে থাকলেও সম্পাদক মামুন ছৈয়াল থাকেন লন্ডনে । তাকে অধিকাংশ প্রবাসীরা চেনেও না। ২৩ বছর ধরে কমিটির একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করতে পারেননি তারা। এতে যেমন নতুন নেতৃত্ব তৈরি হয়নি তেমনি এ সমিতি দ্বারা গুটিকয়েকজন ছাড়া অন্য কেউ উপকৃত হয়নি। এখন সবাই নতুন নেতৃত্বে নতুনভাবে সাজাতে চান সমিতিকে।
সভায় আসা মনির বন্দুকছি বলেন, প্রতিবছরই তারা নতুন কমিটি দিবে বলে বলে আমাদের শুভংকরের ফাঁকি দিয়ে চলেছেন। কার্যত এই সমিতিকে তারা পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। না হলে ২৩ বছর একটি কমিটি কিভাবে থাকে?
সিরাজুল ইসলাম বলেন, আমরা নতুন কমিটি ঘোষণা চাই। আমরা শরীয়তপুরের প্রবাসীরা আজ ঐক্যবদ্ধ। কেউ চাইলেই এখন জোড় করে কমিটির পদ আঁকড়ে ধরে থাকতে পারবেন না।
অন্যদিকে বর্তমান কমিটির সভাপতি আব্দুর রব ফকির নতুন কমিটি দিতে ৭ দিনের সময় চেয়েছেন বলে জানান মতবিনিময় সভায় অতিথি হিসেবে আগত শাজাহান মাদবর। মূলত অতিথিবৃন্দ চাননা শরীয়তপুরের নামে দুইটি পৃথক কমিটি থাকুক। তাই দুই পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করছেন বলে জানান তিনি।
এদিকে ২৩ বছর যাবত কমিটি কুক্ষিগত করে রাখায় পূর্বের কমিটির প্রতি ধিক্কারসহ শ্লোগান দিয়ে এদিনই তারা নতুন কমিটি ঘোষণা দিতে সভায় আগত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এতে করে ঘণ্টাব্যাপী একটি অস্থিতিশীল অবস্থা বিরাজমান থাকে। তবে সভার সভাপতি ভুলু ছৈয়াল ২৪ ঘণ্টা সময়ের মধ্যে কমিটির ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি দেবেন বলে আশ্বাস দিলে সবাই শান্ত হোন।
রায়হান মোল্লার সঞ্চালনায় ও মো. ভুলু ছৈয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, মো. তারা মিয়া, সেলিম হাওলাদার, নজরুল ঢালী, সৈয়দ সুমন, সোলায়মান মৃধা, সাদ্দাম হোসেন প্রমুখ।