গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিলম্বে গ্রেফতার ও বিচারে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও ঘন্টা ব্যপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা ।
সোমবার দুপুরে নড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নড়িয়া উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
পরে নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের ব্যানারে আসাদুজ্জামান তুহিন সহ বিগতসময়ে সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার দাবিতে শরীয়তপুর নড়িয়া সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেন গণমাধ্যমকর্মীরা।
এসময় সাংবাদিকরা গাজীপুরের দায়িত্বরত পুলিশের ভূমিকার নিন্দা করেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।।
সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা ও নিরপেক্ষতার পরিবেশ যদি দেশের সরকার নিশ্চিত না করতে পারে তাহলে দেশের কোন মানুষই আর নিরাপদ নয়। দেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়। দেশে আজ বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা ভেঙ্গে গেছে। সুশাসন নেই বলেই সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে একের পর এক। স্বাধীনতার পর থেকে যে কয়জন সাংবাদিক খুন হয়েছে, সাংবাদিক তার পেশা পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে তার প্রত্যেকটি ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দের দৃষ্টান্তমুলক শাস্তি হতে হবে।